'কখনোই, কোনোভাবেই ভুলব না'- যেভাবে ৯/১১ হামলার ২৫তম বার্ষিকী পালন করল আমেরিকা
যুক্তরাষ্ট্রে ৯/১১-এর হামলার ২৫ বছর পর, দেশটির বর্তমান ও সাবেক প্রেসিডেন্টরা সেই হামলায় নিহতদের স্মরণ করেছেন। ওই হামলায় ছিনতাই করা বিমানগুলো নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, পেন্টাগন এবং পেনসিলভানিয়ার একটি মাঠে আঘাত করেছিল।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেন্টাগনে অনুষ্ঠিত এক স্মরণসভায় নেতৃত্ব দিয়েছেন। অন্যদিকে ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার প্রাঙ্গণের স্মরণসভায় যোগ দেন। সেখানে দেশটির জীবিত চার সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও তাদের স্ত্রীরাও উপস্থিতি ছিলেন।
হামলার সময়গুলো স্মরণ করতে নীরবতা পালন এবং নিহত প্রায় ৩ হাজার মানুষের নাম পড়ে শোনানো হয়।
'ট্রিবিউট ইন লাইট' কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সন্ধ্যায় ম্যানহাটনের আকাশে দুটি আলোকরশ্মি জ্বালানো হয় । এছাড়া নিউইয়র্ক অঙ্গরাজ্যের বিভিন্ন স্থাপনাও নীল আলোয় আলোকিত করা হয়।
৯/১১-এর সময় প্রেসিডেন্ট থাকা জর্জ ডব্লিউ বুশের সঙ্গে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার প্রাঙ্গণে শুক্রবারের অনুষ্ঠানে যোগ দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন, বারাক ওবামা এবং বিল ক্লিনটন।পেন্টাগনে প্রেসিডেন্ট ট্রাম্প তার মন্ত্রিসভার সদস্য এবং ৯/১১-এর সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থাকা কনডোলিজা রাইসের সঙ্গে স্মরণসভায় অংশ নেন।
ট্রাম্প বলেন, "আজ আমরা সেই পবিত্র অঙ্গীকার আবারও করছি, যা ২৫ বছর আগে তাদের স্মরণে প্রথম করেছিলাম। আমরা কখনোই, কোনোভাবেই ভুলব না। আর এ কারণেই আমরা আজও লড়াই করছি"।
তিনি ৯/১১-এর পর শুরু হওয়া 'সন্ত্রাসবিরোধী যুদ্ধ'-এর সঙ্গে বর্তমানে ইরানে চলমান মার্কিন সংঘাতের যোগসূত্র তুলে ধরার চেষ্টা করেন। ৯/১১-এর পরবর্তী এই যুদ্ধের ফলে মধ্যপ্রাচ্যে বহু বছর ধরে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পৃক্ততা ছিল।
💬
0
Comments
•
👁
2
View